দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালকরা। গ্যাসের চাপ কমে যাওয়ায় দীর্ঘ লাইনের পর একের পর এক সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। এতে চালকদের আয় কমে যাওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও।
ফিলিং স্টেশন মালিকদের দাবি, গ্যাসের চাপ কমে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অনেক স্টেশন সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।
রোববার (২৬ জুলাই) ভোর থেকেই রাজধানীর মালিবাগ, খিলগাঁও, মুগদা, মতিঝিল, মানিকনগর, বনশ্রীসহ বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
দুপুরের দিকে পরিস্থিতি আরও খারাপ হয়। গ্যাসের স্বল্পচাপের কারণে একাধিক স্টেশন বন্ধ হয়ে যায়। এতে গ্যাস নিতে আসা চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
চালকদের অভিযোগ, দিনের বড় একটি সময় গ্যাসের লাইনে অপেক্ষা করতে হওয়ায় ট্রিপের সংখ্যা কমে গেছে। অথচ গাড়ির কিস্তি, দৈনিক জমা ও সংসারের ব্যয় আগের মতোই বহন করতে হচ্ছে।
সংকটে পড়েছেন ফিলিং স্টেশন মালিকরাও। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলেন, পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক স্টেশন বন্ধ রাখতে হচ্ছে। এতে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের এই সংকট শুধু সিএনজিচালিত যানবাহনেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব পড়ছে রাজধানীর সামগ্রিক নগর পরিবহন ব্যবস্থায়। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা তাদের।
এমএস/